‘স্পেশাল’ ওয়ান এর ‘স্পেশাল’ জয়! জয় দিয়েই মাশরাফির বিদায় !!

আজ কলম্বোর প্রেমাদাসায় শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেললেন মাশরাফি বিন মুর্তজা। পরশু টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণার সময় বাংলাদেশ অধিনায়ক পরিবার, সতীর্থ, বিসিবি ও সমর্থকদের প্রতি ভালোবাসা-কৃতজ্ঞতা জানিয়েছেন। আজ ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করলেন তাঁর শুভার্থীদের প্রতি।

২০০৬ সালের নভেম্বরে নিজের অভিষেক টি-টোয়েন্টি জিতেছিল বাংলাদেশ। সেটা বাংলাদেশেরও প্রথম টি-টোয়েন্টি। আজ নিজের শেষ টি-টোয়েন্টিতে জয় দিয়ে শেষ করতে পেরে তৃপ্তি ছুঁয়ে যাচ্ছে মাশরাফিকে, ‘জয় দিয়ে শেষ করাটা অসাধারণ কিছু। সামনেও দলকে এটা কাজে দেবে। আমি এই খেলোয়াড়দের সঙ্গে খেলতে পেরে গর্বিত। অসাধারণ সব খেলোয়াড় আছে এই দলটায়। সতীর্থ, স্টাফ ও বিসিবিকে ধন্যবাদ, যারা দুঃসময়ে আমার পাশে থেকেছে। আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা।’
এবার শ্রীলঙ্কা সফরে কোনো সিরিজই হারেনি বাংলাদেশ। টেস্ট সিরিজ ১-১, ওয়ানডে ১-১, আর সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজও শেষ হয়েছে ১-১ সমতায়। দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট মাশরাফি, ‘টেস্ট থেকে শুরু। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও ছেলেরা অসাধারণ খেলেছে। তারা নিজেদের দৃঢ়তা দেখিয়েছে। এটা পরের সফরেও কাজে দেবে।’
মাশরাফি হয়তো বলতে চাইলেন, শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে সব সিরিজে ড্র করার প্রেরণা পরে সিরিজ জয়ের স্বপ্নই দেখাবে বাংলাদেশকে।
আবেগ ছুঁয়ে যাচ্ছে মাশরাফির শেষ টি-টোয়েন্টিতে ম্যাচসেরা সাকিব আল হাসানকেও, ‘মাশরাফি আমার কাছে বিশেষ কিছু। আমি আন্তর্জাতিক ক্রিকেট শুরুর আগ থেকেই তার খেলা দেখে আসছি। তিনি এই দলটায় কতটা গুরুত্বপূর্ণ বুঝিয়ে বলতে পারব না। তিনি তো ওয়ানডেতে আছেনই। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাঁর।’
সাকিবই সম্ভবত বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হয়ে ফিরছেন। আজকের ম্যাচটি এর পালাবদলের প্রতীক হয়ে থাকলও।
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment