ভুল বুঝতে পেরে পরিচালক সমিতির কাছে ক্ষমা চাইলেন শাকিব খান!!

গত শনিবার এক সংবাদ সম্মেলনে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেন চলচ্চিত্র পরিচালক সমিতি । পরিচালক সমিতির নেতারা জানান, শাকিব খানের সঙ্গে চলচ্চিত্র পরিচালকসহ সংশ্লিষ্টরা কোনো চলচ্চিত্রের শুটিং ও ডাবিংয়ের কাজে অংশ নেবে না । পরিচালকরা তাঁকে এফডিসিতে এসে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ।
পরিচালক সমিতির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, যেহেতু চিত্রনায়ক শাকিব খান দেশের চলচ্চিত্র পরিচালকদের অসম্মান ও হেয় প্রতিপন্ন করে জাতীয় দৈনিকসহ বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন । এখনো একই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন । সেজন্য চলচ্চিত্র সংশ্লিষ্ট কুশলীরা মনে করেন, শাকিব দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট কুশলীদের তুচ্ছজ্ঞান করেছেন । সভায় আরো বলা হয়, পরিচালকদের অপমান করা মানে সব কুশলীদেরই অপমান করা । এ পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয়া হয়, এ সংগঠনের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য শাকিব খানের সঙ্গে কোনো ছবির শুটিং ও ডাবিংয়ের কাজে অংশগ্রহণ করবেন না ।
ফলশ্রুতিতে, আজ সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুপারস্টার শাকিব খান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান ও চিত্রনায়ক আলমগীরের সঙ্গে এ বিষয়ে মৌখিক আলাপ-আলোচনা করেন । এরপর শাকিব খানকে শিল্পী সমিতির কার্যালয়ে রেখে অমিত হাসান ও আলমগীর পরিচালক সমিতির কার্যালয়ে যান । পরে সেখান থেকে শাকিব খানকে পরিচালক সমিতির কার্যালয়ে ডেকে নেওয়া হয়  । এর কিছুক্ষণ আগে, পরিচালক সমিতির কার্যালয়ের এক মিটিং-এ প্রযোজক আরশাদ আদনান বলেন, কেউ যদি কোনো অপরাধ করে ক্ষমা প্রার্থনা করতে চায়, তাহলে পরিচালক সমিতির উচিত তাকে সেই সুযোগ দেওয়া ।
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেখানে উপস্থিত চিত্রনায়ক আলমগীর বলেন, ‘আমার মনে হয়, শাকিবকে এখানে ডেকে আনা হোক । সে এসে পরিচালকদের কাছে ক্ষমা প্রার্থনা করে যাক । এরপর পরিচালক সমিতি সবগুলো সংগঠনের সঙ্গে কথা বলবে ।’ আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শাকিব খানকে পরিচালক সমিতির কার্যালয়ে ডেকে নেওয়া হয় ।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে শাকিব খান সেখানে উপস্থিত হয়ে বলেন, ‘এমন পরিস্থিতির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত । আমি যখন গণমাধ্যমের কাছে এ রকম কথা বলেছিলাম, তখন আমার শারীরিক ও মানসিক অবস্থা ভালো ছিল না । আমার সেই বক্তব্যে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত । বিষয়টির জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি । তবে বিষয়টি যেভাবে এসেছে, আমি সেভাবে বলি নাই । আমি বাংলাদেশের  চলচ্চিত্রের সঙ্গে কাজ করে এসেছি এতদিন, শাকিব খান হয়েছি । বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে আছি, সব সময় থাকতে চাই । বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নে কাজ করে যেতে চাই ।’

 
Share on Google Plus

About Bangla Movie Desk

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment